ডেন্টাল কলেজে লিফট বিপর্যয়, দেড় ঘণ্টা আটকে তিন হাসপাতাল কর্মী, অসুস্থ নার্সিং অফিসার, অপারেটরবিহীন লিফট ব্যবস্থাপনায় প্রশ্ন

আগরতলা, ২৬ নভেম্বর : আগরতলা সরকারী ডেন্টাল কলেজে চাঞ্চল্যকর ঘটনা। দেড় ঘণ্টা ধরে লিফটের ভেতরে আটকে থাকলেন হাসপাতালের তিন কর্মী। আটকে থাকা এক নার্সিং অফিসার শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে। ঘটনার সময় লিফটে কোনো অপারেটর উপস্থিত ছিলেন না, বলে জানান দমকলকর্মী। নিয়মবহির্ভূতভাবে অপারেটর ছাড়া লিফট চালু রাখার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

দীর্ঘ অপেক্ষাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা না যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করেন। তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে মারাত্মক গাফিলতির অভিযোগে কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের নীরবতা এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় প্রশ্নের জন্ম দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে।