ধর্মনগরে প্রকাশ্যে শিশু খুন, গুরুতর আহত মা, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৫ নভেম্বর : ধর্মনগর স্কুল ফেরত দ্বিতীয় বর্ষের এক শিশু ছাত্রকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে খুন এবং সেই শিশুর মাকে গুরুতর আহত করার ঘটনায় স্তব্ধ রাজ্যবাসী। ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও ক্ষোভ উগরে দিয়েছে প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্যে অপরাধ দমনে সরকারের ব্যর্থতা চরমে পৌঁছেছে। শাসক দলের একাংশের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের ছত্রছায়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে এবং পুলিশের একটি অংশের সঙ্গে অপরাধীদের গাটছড়া রাজ্যের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। ফলে মুখ্যমন্ত্রী বা পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ‘জিরো টলারেন্স’, কাউকে ছাড়া হবে না এই ধরনের বক্তব্য রাজ্যবাসীর কাছে আজ হাস্যকর ও মূল্যহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। মৃত শিশুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আহত মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা। পাশাপাশি দাবি জানানো হয়েছে এই ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

কংগ্রেসের বক্তব্য, বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের শিশু, কন্যাশিশু, নারী, তরুণ-তরুণীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তাই রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস।