প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ ফের নাবালিকা ধর্ষিতা৷ ঘটনা শহরতলীর আমতলী থানা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবাদে প্রকাশ আমতলীর পঞ্চমুখের রামঠাকুর পাড়ায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিবাহিত এক যুবকের বিরুদ্ধে৷ ঐ কিশোরীকে ১লা ডিসেম্বর থেকে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকবার ধর্ষণ করেছে ঐ যুবক৷ অভিযুক্ত যুবকের নাম আশিষ দেবনাথ৷ ৩৫ বছর বয়সী ঐ যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে৷ তবুও মোবাইলের ফাঁদে ফেলে ঐ কিশোরীকে প্রেমের জালে জড়িয়ে নেয় আশিষ৷ মোবাইলে বার্তালাপের পর দুজনেই দেখা সাক্ষাৎ করে৷ তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে৷ দুজনেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়৷ অভিযুক্ত যুবকের বাড়ি বিশালগড়ের নেহালচন্দ্রনগরে৷ ঐ যুবক কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে যখন ঐ কিশোরী জানতে পারে যে আশিষ বিবাহিত ও তার স্ত্রী সন্তান রয়েছে তাতেই ঘটনা অন্য মোড় নেয়৷ পরে কিশোরীর পরিবার আমতলী থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ১৮১/১৬৷ মামলাটি হয়েছে আইপিসি’র ইউএস ৩৭৬ এবং পক্সো অ্যাক্টের চার ধারায়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে৷ কিন্তু সে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷