আগরতলা, ১০ নভেম্বর: বিজ্ঞান শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে আজ সাব্রুমের শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র ছাত্র আন্দোলন দেখা গেছে। সকালে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা গেইটে তালা ঝুলিয়ে দেয় এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়।
আন্দোলনরত ছাত্রছাত্রীরা অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক না থাকায় তারা পড়াশোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা তালা খুলবে না এবং আন্দোলন চালিয়ে যাবে।
ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষক স্বল্পতার বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে দেন ছাত্র-ছাত্রীরা।

