কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বাক্যবাণ অব্যাহত| শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন বেলা ১২.৪৫ মিনিট নাগাদ প্রথম টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে তৃণমূল নেত্রী লেখেন, `মোদীবাবু, মানুষ আপনার সরকারের ভিখারি নন| টাকা তোলার ক্ষেত্রে এখনও কেন ঊর্ধ্বসীমা?’ পরের টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, `৫০ দিনের সময়সীমা শেষ| মানুষের উপার্জিত কঠোর পরিশ্রমের টাকা তোলার অধিকার কীভাবে কেড়ে নিতে পারেন? সরকার ক্ষমতায় আসতে পারে, কিন্তু তাই বলে মানুষের আর্থিক স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না|’
যদিও নতুন বছরের শুরুতেই দেশবাসীকে স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক| শীর্ষ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, ১ জানুয়ারি থেকেই দিনে সর্বোচ্চ ৪,৫০০ টাকা তোলা যাবে এটিএম থেকে| তবে, সাপ্তাহিক টাকা তোলার যে ঊর্ধ্বসীমা বর্তমানে নির্ধারিত আছে, তাতে এখনই কোনও পরিবর্তন আনা হচ্ছে না| এক সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তোলা যাবে|
2017-01-01

