News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ডাকে মোদির বিরুদ্ধে এক মঞ্চে বাম তৃণমূল সহ সাত দল
Image

কংগ্রেসের ডাকে মোদির বিরুদ্ধে এক মঞ্চে বাম তৃণমূল সহ সাত দল

narendra-modiবিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ নভেম্বর৷৷ বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ডাকে এক মঞ্চে তৃণমূল ও সিপিএম৷ রয়েছে আরজেডি, জেডিইউ, জেএমএম এবং ওয়াইএসআর কংগ্রেস৷ মুখ ফেরায়নি সিপিআইও৷ মূলত, বাতিল নোট ইস্যুতে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে চাপ ক্রমশ বাড়ছে৷ এই পরিস্থিতিতে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগেই কংগ্রেস বিজেপি বিরোধী মঞ্চ শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে৷
সোমবার সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মিলিত হন তৃণমূল, সিপিএম সহ সাতটি দল৷ বুধবার থেকে শুরু হতে চলা সংসদীয় অধিবেশনে নোট বদল নিয়ে মোদি সরকারকে এক যোগে কোণঠাসা কিভাবে করা যায় সে বিষয়ে ঐ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷ এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা৷ কংগ্রেস সূত্রের দাবি, এই বৈঠকে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, ডিএমকে এবং এনসিপিও যোগদান করার কথা ছিল৷ কিন্তু বিরোধী দলগুলির নেতারা দিল্লিতে না থাকার কারণে তাঁরা বৈঠকে উপস্থিত হতে পারেননি বলে সূত্রের দাবি৷ তবে, সংসদে বিরোধীরা ঐক্যবদ্ধভাবেই মোদি সরকারের বিরুদ্ধে সরব হবে৷
নোট বাতিলের জের সারা দেশেই দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে৷ আর এই ইস্যুকেই পঁুজি করতে চাইছে বিরোধীরা৷ বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই ইস্যুটিকে নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে চাপ আরো বাড়াতে চাইছে৷ ফলে, সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনকেই বিরোধীরা মোদি সরকারকে কোণঠাসা করতে বেছে নিয়েছে৷ রাজনৈতিক মহলের মতে, সারা দেশে দুর্বল হয়ে পড়া জাতীয় কংগ্রেস অবিজেপি দলগুলিকে এই ইস্যুতে একছাদের তলায় নিয়ে আসা আপ্রাণ চেষ্টাকরবে৷ সামনেই দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কংগ্রেসের লক্ষ্য, রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের থেকেও বিজেপির ভরাডুবি সবচেয়ে বেশি প্রয়োজনীয়৷
অবশ্য, বিজেপিও কোন মতেই হাল ছাড়বে না৷ একদিকে যখন গুলাম নবীর কক্ষে বিজেপি বিরোধী মঞ্চ বৈঠকে বসেছে, অন্যদিকে বৈঠক শুরু করে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা সংসদীয় বোর্ড৷ সূত্রের দাবি, নোট বাতিল ইস্যুকে নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হলেও পাল্টা আক্রমণাত্মক ভূমিকাই বহাল রাখবে বিজেপিও৷ সূত্র অনুসারে জানা গেছে, এদিন, বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী সাফ বলেছেন, গোটা দেশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে৷ ফলে, বিরোধীদের ভয় পেলে চলবে না৷ জানা গেছে, এই ইস্যু নিয়ে বিরোধীরা সংসদে আলোচনা চাইলে সরকার পক্ষ তাতে রাজি৷
সবমিলিয়ে আসন্ন শীতকালীন অধিবেশন হৈহট্টগোলে ভরা থাকবে বলেই ধারণা করা যাচ্ছে৷ বিজেপিকে রুখতে বিরোধীরা সংসদে ঐক্যবদ্ধভাবে চাপ বাড়াবে৷ তবে, কংগ্রেসের এই কৌশল কতটা কাজে আসবে তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে৷ সূত্রের বক্তব্য, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি মুখে বিজেপি বিরোধী মঞ্চে সামিল হবে বলে জানালেও তাদের ঐক্যবদ্ধ করা কতটা সম্ভব হবে সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ আবার ডিএমকে এবং এনসিপি’র অবস্থানও কংগ্রেসকে ভাবাচ্ছে৷ কংগ্রেস সূত্রের মতে, এদিনের বৈঠকে যারা উপস্থিত ছিলেন না তাদেরকে নিয়েই চিন্তা কংগ্রেসের৷ তবে, কংগ্রেস মনে করছে এই ইস্যুতে বিভিন্ন বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে তারা সফল হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top