মেলাঘর, ১২ আগস্ট: ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৯০। অথচ গোটা বিদ্যালয়ের পঠনপাঠন সামলানোর জন্য শিক্ষক মাত্র দু’জন। শিক্ষক সংকটে এমনই বেহাল পরিস্থিতির মধ্যে দিন কাটছে মেলাঘরের তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ের।
একসময় তেল কাজলা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এই বিদ্যালয়। সেই সময় বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বেশি ছিল, তেমনই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকাও ছিলেন। নিয়মিত ক্লাস চলত এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও ছিল প্রাণবন্ত।
কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রায় ৯০ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। ফলে সমস্ত শ্রেণির নিয়মিত পঠনপাঠন চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ। শিক্ষক সংকটের কারণে একদিকে যেমন ক্লাস পরিচালনায় সমস্যা হচ্ছে, অন্যদিকে তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের শিক্ষাজীবন।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন থাকলেও বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের পঠনপাঠন আরও ব্যাহত হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে পড়ুয়াদের ভবিষ্যতের উপর।
তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক মহলেও ক্ষোভ বাড়ছে। এখন দেখার, শিক্ষা দপ্তর কবে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় এবং বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করে স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনে।























