রাতের আঁধারে একই দোকানে পর পর দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৪ জানুয়ারি: রাতের আঁধারে সিপাহীজলা এসপি অফিস সংলগ্ন এলাকায় একই দোকানে পর পর দুইবার দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় শহরে রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরণে এক দোকান মালিক জানিয়েছেন, সিপাহীজলা এসপি অফিস সংলগ্ন এলাকায় তাঁর মুদিখানার দোকান ছিল। গতকাল রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন তিনি। আজ সকাল ৯টায় এসে দেখেন দোকানের দরজা খোলা রয়েছে। সাথে সাথে তিনি দোকানে চুরি যাওয়ার বিষয়টি দেখতে পেয়েছেন। চোরের দল হানা নিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। প্রায় আনুমানিক ২৫ হাজার টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোর।

তাঁর দাবি, রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে তার বাস্তব রূপ আরও একবার প্রকাশ্যে বেড়িয়ে আসলো। আগেও তার দোকানে ভয়ানক চুরির ঘটনা সংগঠিত করে নিশি কুটুম্বের দল। এখনও পর্যন্ত ওই ঘটনায় কোন অভিযুক্তকেই আটক করতে পারেনি পুলিশ।