মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেও দলবদলের পালা অব্যাহত। শুক্রবার সকালে একাধিক নেতা যোগ দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপি-তে। বিজেপি নেতা নিশিকান্ত ভোসলে পাতিল এবং প্রাক্তন বিজেপি সাংসদ সঞ্জয়কাকা পাতিল অজিত পওয়ারের উপস্থিতিতে এনসিপি-তে যোগ দিয়েছেন। সঞ্জয়কাকা পাতিল এবং নিশিকান্ত ভোসলেকে তাঁদের নির্বাচনী এলাকার জন্য এবি ফর্মও দেওয়া হয়। ইসলামপুর থেকে ভোসলে এবং তাসগাঁও থেকে সঞ্জয়কাকা পাতিল।এনসিপিতে যোগদানের পর বিজেপি নেতা নিশিকান্ত ভোসলে পাতিল বলেছেন, “আমাদের নেতা দেবেন্দ্র ফড়নবিসের নির্দেশে আমি আজ এনসিপি-তে যোগ দিয়েছি। ইসলামপুর বিধানসভা আসনটি এনসিপি-র হাতে চলে যাওয়ায় আমাকে বিজেপি থেকে এনসিপি-তে যেতে হয়েছে।আমি নির্বাচনে জিতব। এনসিপি-র টিকিটে ইসলামপুর আসন থেকে।” প্রয়াত এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে, মুম্বই যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি জিশান সিদ্দিকিও অজিত পওয়ারের এনসিপি-তে যোগ দিয়েছেন। বান্দ্রা পূর্ব নির্বাচনী এলাকা থেকে জিশান সিদ্দিকিকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এনসিপি। জিশান সিদ্দিকি বলেছেন, “আমি নিজের বাবাকে হারিয়েছি এবং অনেক মানুষ ভুলভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে… আমি কংগ্রেস সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ তারা সবসময় শিবসেনা (উদ্ধব শিবির)-র চাপের মধ্যে থাকে।”



















