বালুরঘাট, ১৮ অক্টোবর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মায়ের কাঠামো পুজো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। পুজো শুরুর আগে থেকেই মন্দির চত্বরে ভিড় ছিল ভক্তদের। শুক্রবার সেই বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে মন্দির চত্বর।
ঢাক বাজিয়ে মন্ত্র পড়ে প্রথমে পুকুর থেকে তুলে আনা হয় কাঠামো। এরপরেই মন্দিরের সামনে কাঠামো রেখে পুজো চলে। এরপর বোল্লা মাকে এদিন ৫৬ রকমের ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। আগামী ২২ নভেম্বর মায়ের পুজো ও মেলা রয়েছে। তার আগেই শুক্রবার কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয়ে গেল চলতি বছরের পুজোর প্রস্তুতি। অন্যদিকে, এদিন কাঠামো পুজো উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে মন্দির চত্বরে।



















