আগরতলা, ১০ অক্টোবর : আজ মহাসপ্তমী। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরাবাসী। পাশাপাশি, রীতি রীতি মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মহা সপ্তমী পূজো। দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন হয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, বোধনের শুরুতেই জনস্রোতে ভাসলো তিলোত্তমানগরী। সন্ধ্যে থেকেই পূজা মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছিল। তবে, মহাপঞ্চমীর দিনেই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। এদিন থেকেই রাস্তায় ভিড় জমতে শুরু হয়। একদিকে পুজো মণ্ডপের উদ্বোধন পূজা পাঠ অন্যদিকে প্যান্ডেল প্রতিমা দেখার জন্য উৎসুক জনতার স্রোত বইছে বনেদি ক্লাবগুলোতে।
মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী দুর্গা বাড়ির বলেন, এবারের দুর্গা পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সব গুলো তিথিই পড়েছে রাতে। কিন্তু রাতে তো দুর্গা পূজার বিধান নেই।রাতে হোম, যজ্ঞ, কল্পারম্ভ কিছুই করা যাবে না। তাই সকালের দিকে যেটুকু তিথি পরেছে তার মধ্যেই পুজো সারতে হবে। এবার ষষ্ঠী পূজার বোধন পঞ্চমীর সন্ধ্যেতেই করে নিয়েছে। অর্থাৎ ৮ অক্টোবর মঙ্গলবার। ষষ্ঠীর দিন অর্থাৎ ৯ অক্টোবর বুধবার সকাল ৭:৩২ মিনিটে ষষ্ঠী ছেড়ে দেবে। সেই কারণে ষষ্ঠীর দিন সকালে ভোর চারটে তে উঠে ষষ্ঠী পুজোয় বসতে হয়েছে। এই দিনই সন্ধ্যে বেলা আমন্ত্রণ ও অধিবাস করতে হবে। সপ্তমী পুজোর ভোজ্য সামগ্রী ও মহাস্নান এর দ্রব্যদি ষষ্ঠীর ভোর রাতেই সব ঠিকঠাক করে রাখতে হবে কারণ ১০ অক্টোবর বৃহস্পতিবার মহা সপ্তমী তিথি সকাল ৭:২৫ মিনিটের মধ্যেই শেষ।
এদিন তিনি আরো বলেন, সপ্তমী পুজোয় বসতে হবে ব্রাহ্ম মুহূর্তে। সাড়ে চারটে থেকে পাঁচ টার মধ্যে নব পত্রিকা স্নান ও প্রবেশ স্থাপন করতে হবে। পুরোহিতরা বারবার বলছেন পুজো হবে এবার সংক্ষিপ্ত। এমন কি যারা পুষ্পাঞ্জলি দেবেন তাদের হাতে বারবার ফুল বেলপাতা দেবার ও সময় থাকবে না। ১১ অক্টোবর শুক্রবার মহা অষ্টমী ও মহা নবমী তিথি একদিনে পরেছে। কেবল ভোর ৬:৪৮ মিনিট পর্যন্ত অষ্টমী। সকাল ৭:১২ এর মধ্যে সন্ধি পুজো ও শেষ করতে হবে। সকাল ৬ টার মধ্যে অষ্টমী পুজো শেষ করে পুষ্পাঞ্জলি দিতে হবে। সকাল ৯:২৪ এ মহা নবমী লেগে যাবে। তাই নবমীর পুজো ও ভোর আরতি অষ্টমী দিনেই করে নিতে হবে। ১২ অক্টোবর শনিবার সকাল ৫:৪৪ মিনিট পর্যন্ত নবমী। এরপর ই দশমী তিথি।


















