News Flash

  • Home
  • Uncategorized
  • চার কোটি টাকার গয়নায় সেজে মা দূর্গা আগরতলায়
Image

চার কোটি টাকার গয়নায় সেজে মা দূর্গা আগরতলায়

ma-durgaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ সততা এবং শুদ্ধতার অন্যতম নিদর্শন সোনা৷ অলঙ্কার নারীদের আভূষণের প্রধান সরঞ্জাম৷ তাই এবার মা দুর্গাকে সোনার গয়নার আভূষণে মোড়ে দিয়েছে আগরতলার ছাত্রবন্ধু ক্লাব৷ চার কোটি টাকার গয়নায় সাজানো হয়েছে মা দুর্গাকে৷ পশ্চিমবঙ্গের হাবড়ার গ্রামের কৃতি শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের বুদ্ধির খেলা এবার রাজ্যবাসী দুর্গোৎসবে দেখবেন বলে দাবি আয়োজকদের৷ গত রবিবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে স্বর্ণ দুর্গা কড়া পাহারায় এসে পৌঁছেছে৷ চতুর্থীর দিন উদ্বোধন করা হবে সোনার গয়নায় মোড়া দুর্গা প্রতিমা৷ ওইদিন থেকেই সোনার গয়নার অভিনব কারুকৃতি দেখতে সকলের জন্য প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়া হবে৷ ছাত্র বন্ধু ক্লাবের পুজা কমিটির সম্পাদক অশোক ঘোষ জানিয়েছেন, এরাজ্যের গর্ব দীপা কর্মকার চতুর্থীতে স্বর্ণদুর্গা প্রতিমা উদ্বোধনে থাকবেন৷ তবে, যদি দীপা ৪ অক্টোবর দিল্লি চলে যান তাহলে ২ অক্টোবরই উদ্বোধন করা হবে স্বর্ণদুর্গা৷ সাথে এবছরই প্রথম এরাজ্যে ছাত্রবন্ধু ক্লাব থিমসংয়ের উদ্বোধন করবে৷
এদিন শ্রীঘোষ জানিয়েছেন, অত্যাধুনিক গুণমান সম্পন্ন ফাইবার দিয়ে বানানো হয়েছে দুর্গা প্রতিমা৷ তাতে কলকাতার বিখ্যাত একটি জুয়েলারি সংস্থা তাদের স্বর্ণের গয়না প্রদর্শনী করেছে৷ দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমাতেও একইভাবে সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে৷
তিনি জানান, হাবড়ার বাণীপুর মনসা বাড়ি এলাকার তরুণ শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে ত্রিপুরাবাসী নতুন দুর্গাপ্রতিমা দর্শন করবেন৷ এই প্রতিমা তৈরির কাজ গত এপ্রিল মাসে শুরু হয়েছে৷ উত্তর ভারতীয় শিল্পের আদলে প্রতিমা তৈরি হয়েছে৷ তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত স্বর্ণমন্দিরের থিমেই প্যান্ডেল বানানো হচ্ছে৷ তিনি জানান, গত এপ্রিল মাস থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলেছিল প্রতিমা তৈরির কাজ৷ শিল্পীর বাড়িতে বসানো হয়েছিল পুলিশ ক্যাম্প৷ সেখানে সর্বক্ষণ ১০-১৫ জন পুলিশ কর্মী মোতায়েন ছিলেন৷ প্রতিমা তৈরির স্থান থেকে শিল্পীর বাড়ি এবং আশপাশ এলাকায় প্রায় ৩০টি স্থানে উন্নতমানের ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছিল৷ লাইফ ক্যামেরায় নজরদারি রেখেছিল পুলিশ৷ রবিবার আগরতলা বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই প্রতিমা আনা হয়েছে৷ দুর্গোৎসবের সময় রাজ্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে বলে ছাত্রবন্ধু ক্লাবকে আশ্বস্ত করেছে৷ এছাড়াও ক্লাবের তরফে বেসরকারিনিরাপত্তা কর্মী ৩৫ জন মোতায়েন করা হবে৷ থাকবে ২০টি সিসি ক্যামেরা৷ এছাড়াও ক্লাবের ভলান্টিয়াররা নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করবেন৷ শ্রীঘোষ জানিয়েছেন, স্বর্ণদুর্গা প্রতিমার প্রয়োজনীয় নিরাপত্তার প্রশ্ণে রাজ্য পুলিশের সাথে ক্লাব কর্মকর্তাদের আলোচনা হয়েছে৷
এদিকে, দুর্গোৎসবের সময় ভিড়ের কথা মাথায় রেখে আয়োজকরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে৷ শ্রীঘোষ জানান, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে পুজো দেখতে আসা সকলের মধ্যে সন্ধ্যা সাতটা থেকে প্রসাদ বিতরণ করা হবে৷ কারণ, মফস্বল থেকে অনেকেই আসেন যারা দীর্ঘ সময় ধরে পুজো দেখে ক্লান্ত হয়ে পড়েন৷ অথচ ক্ষিদে লাগলে রাস্তা থেকে কিছু কিনে খাওয়ার সামর্থ অনেকেরই থাকে না৷ তাদের এবং অন্যান্যদের কথা চিন্তা করে ক্লাব কর্মকর্তারা পুজোর তিনদিন ঢালাওহারে প্রসাদ বিতরণের আয়োজন করবে৷
শ্রীঘোষ দাবি করে বলেন, এবারের পুজোয় রাজ্যবাসীকে অভিনব চিন্তাধারার প্রতিফলনের লক্ষ্যেই এই সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে, এবারের পুজোয় বাজেট সম্পর্কে তিনি স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি৷ তার মতে, চার কোটি টাকার গয়না দিয়ে দুর্গা প্রতিমা সাজানো হওয়ার অর্থ এই নয় বাজেট চার কোটি টাকা৷ তবে, গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি এবছর খরচ হবে পুজোতে৷ তিনি দাবি করে বলেন, রাজ্যে ছাত্রবন্ধু ক্লাবের বাজেটেই সবচেয়ে বেশি৷
এদিন তিনি আরো জানান, আকর্ষণের কেন্দ্রবিন্দু কেবল স্বর্ণদুর্গা প্রতিমা নয়৷ আলোকসজ্জাও মানুষের দৃষ্টি আকর্ষণ করবে৷ দীপা কর্মকারের বিশ্ববিখ্যাত পদুনোভা ভল্ট সহ আরো অনেক কিছু দেখানো হবে আলোকসজ্জার মাধ্যমে৷ সবমিলিয়ে এবারের পুজোয় গোটা রাজ্যে অন্যতম আকর্ষণ এই দুর্গাপ্রতিমা, দাবি ছাত্রবন্ধু ক্লাব কমকর্তাদের৷
পুজো কমিটির সম্পাদক জানিয়েছেন, প্যান্ডেলের পাশেই মাটির তৈরি দুর্গাপ্রতিমা রাখা হবে৷ যেখানে পুজো হবে৷ দশমীর পরদিনই এই দুর্গাপ্রতিমা বিসর্জন করবে ক্লাব৷ এরপর স্বর্ণদুর্গার স্বর্ণালঙ্কারগুলি যথাস্থানে ফিরে যাবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top