আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরায় পঞ্চায়েত গঠনে নজিরবিহীন জোটের দেখা মিলেছে। কৈলাসহরে ভগবান নগরে কংগ্রেস এবং পানিসাগর ব্লকের অন্তর্গত দেওছড়া গ্রামে সিপিএম বিজেপির সাথে ঘর বেঁধেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৈলাসহরে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে মোট ৭টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে আসন সংখ্যা ১১টি। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৩টি, সিপিআইএম ৫টি এবং বিজেপি ৩ আসন দখল করেছে।
পাশাপাশি, ওই পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত সদস্যা নেহার বেগম প্রধান এবং বিজেপির প্রসেনজিৎ মালাকার উপপ্রধান হয়েছেন।
তেমনি, পানিসাগর ব্লকের অন্তর্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করছে। ওই পঞ্চায়েতে ৫টি ওয়ার্ড রয়েছে। তাতে ১১টি আসনের মধ্যে ১০টি বিজেপি এবং ১টি সিপিআইএমের প্রার্থী জয়ী হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ হয়েও বিজেপি ওই পঞ্চায়েতে সিপিএমকে প্রধান পদ ছেড়ে দিয়েছে। তাই পঞ্চায়েতের প্রধান হয়েছেন সিপিআইএম প্রার্থী এবং উপপ্রধান হয়েছেন বিজেপি প্রার্থী অমিত চন্দ্র নাথ।

