২২ মার্চ ছেড়েছিলেন কংগ্রেস, এবার বিজেপিতে যোগ দিলেন গুজরাটের রোহান গুপ্তা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন গুজরাটের প্রাক্তন কংগ্রেস নেতা রোহান গুপ্তা। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বিজেপি নেতা হরদীপ সিং পুরী তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান।

এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর রোহান গুপ্তা বলেছেন, “কত দ্বন্দ্ব থাকতে পারে? সেখানে একজন কমিউনিকেশন ইনচার্জ আছেন যার নামে ”রাম” আছে, তিনি আমাদের চুপ থাকতে বলেছিলেন, যখন সনাতনের (ধর্ম) অবমাননা হচ্ছিল। দেশের নাম ব্যবহার করে একটি জোট করা হয়েছে, অথচ ”দেশ বিরোধী শক্তি” তাতে অন্তর্ভুক্ত।” উল্লেখ্য, গত ২২ মার্চ কংগ্রেস থেকে ইস্তফা দেন রোহান, দলের এক নেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি কংগ্রেস ছেড়েছিলেন।