মাথাভাঙা, ৪ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার মাথাভাঙার সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা। তিনি কেন্দ্রকে কটাক্ষের সুরে বলেন, ‘আজ মিটিং করতে আসবেন বাবুরা, দেখবেন কত কাঁদবে। কত কুমিরের অশ্রু বইবে। ১১ লাখ বাড়ির তালিকা আমরা দিয়েছিলাম, তিন বছর ধরে আবাসের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আমরা কী খারাপ করেছিলাম? ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার কাজে বাংলা প্রথম ছিল।’
বৃহস্পতিবার উত্তরবঙ্গে জোড়াসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সভা থেকেই পুরোদমে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মমতা। এদিন প্রথম সভাটি কোচবিহারের মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করেন। দ্বিতীয় জনসভা জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে। সেটি তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে।

