কলকাতা, ৪ এপ্রিল (হি.স.): এক ওভার দু ওভার নয়, টানা ২১ ওভারে একটি রান না দেওয়া বিশ্ব ক্রিকেটে রয়েছেন একজন মাত্র বোলার– এমন দুর্ধর্ষ রেকর্ডের মালিক হলেন ভারতের বাপু নাদকারনি। ভারতীয় দলের প্রাক্তন এই অলরাউন্ডার ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা ২১ ওভার মেডেন নিয়ে ইতিহাস গড়েছেন যা আজও কেউ ভাঙতে পারেননি। ইতিহাস গড়া সেই ভারতীয় অলরাউন্ডারের মৃত্য়ু হয়েছিল ২০২০ সালের ১৭ জানুয়ারি। বাঁহাতি স্পিনার নাদকারনির খুঁত লাইন ও লেন্থের বোলিংয়ে সিদ্ধহস্ত ছিলেন। তিনি ভারতীয় বহু স্পিনারের আইকনও ছিলেন। আবার বাঁ হাতে ব্যাটটাও দুর্দান্ত করতেন। ১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট অভিষেক নাদকারনির। ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই অকল্যান্ডে শেষ টেস্ট খেলেন তিনি। ভারতের হয়ে ৪১ টেস্ট খেলেছেন নাদকারনি। ব্যাট হাতে ১৪১৪ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৮৮ উইকেট। টেস্টে ৪৩ রানে নিয়েছেন ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১৯১ ম্যাচ খেলে ৮৮৮০ রান করেছেন এই অলরাউন্ডার। সেইসঙ্গে নিয়েছেন ৫০০টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার মেডেনের রেকর্ড আজও বিশ্ব ক্রিকেটে অম্লান।এই রেকর্ড কোনওদিন ভাঙ্যে বলে মনে হয় না। আর এজন্য তিনি বিশ্ব ক্রিকেটে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।বৃহস্পতিবার এই কিংবদন্তি ক্রিকেটারের ৯১–তম জন্মদিন।

টানা ২১ ওভার মেডেন করে রেকর্ড গড়া অলরাউন্ডারের জন্মদিন বৃহস্পতিবার
Tags:


















