হাওড়া, ৩ মার্চ (হি.স): শনিবার সকলকে চমকে দিয়ে দিল্লি থেকে ঘোষণা হয় বিজেপির প্রার্থী তালিকা। ১৯৫ জনের তালিকা প্রকাশ করা হয় যার মধ্যে বাংলার ২০ জন প্রার্থীর নাম আছে। আর নাম ঘোষনার পরের দিন অর্থাৎ রবিবার সকাল সকাল প্রচার শুরু করে দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী । এদিন সকালে মধ্য হাওড়া সিদ্ধেশ্বরী মন্দির পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি । দলীয় পতাকা নিয়ে বাইকে চেপে শতাধিক কর্মীদের সঙ্গে করে এলাকায় ঘুরেন ও একাধিক মন্দিরে পুজো দেন । সঙ্গে ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা উমেশ রায় মনোজ পান্ডে সহ অন্যান্য নেতৃত্বরা । এই নির্বাচনে জেতার বিষয় তিনি ১০০ শতাংশ আশাবাদী। এর থেকেই বোঝা যাচ্ছে এই লোকসভা নির্বাচন বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বাবু জানান, হাওড়ায় সব কাজই বাকি আছে সেগুলি মানুষের স্বার্থে সম্পন্ন করতে হবে। এখানে শিল্পায়নের ক্ষেত্রেও জোর দিতে হবে। তাই ভোটে জিতলেই সেই কাজ গুলিকেই অগ্রাধিকার দিতে হবে।



















