শিমলা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : শিমলায় শতদ্রু নদীতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক দম্পতি সহ গাড়ি চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিমলা জেলার কুমারসেন তহসিলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শতদ্রু নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির সব যাত্রীই কিন্নরের বাসিন্দা। তাঁরা সকলেই কিন্নর সেলেরিও থেকে চণ্ডিগড়ের দিকে যাচ্ছিলেন। মৃতদের নাম, অভয় কুমার (২৫), জিতেশ (২৯) এবং বংশিকা (২৪)। আহতরা হলেন, রাহুল কৃষ্ণ (২৪) এবং আংশুল ফানিয়ান (২৩)।
দুর্ঘটনার পরেই কুমারসেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। শুক্রবার সকালে শিমলার এসপি সঞ্জীব গান্ধী জানিয়েছেন, এদিন মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে। তিনি বলেন, দুর্ঘটনার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে।


















