আগরতলা, ২৬ ডিসেম্বর : ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গৌহাটিস্থিত মহা তীর্থ শক্তিপীঠ কামাখ্যা দর্শনের উদ্যোগ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন।
আজ বিশালগড় এবং অমরপুর থেকে মোট ৪৩ জন তীর্থযাত্রী অমরপুরস্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাসে করে রওয়না দিয়েছেন।
বিধায়ক রঞ্জিত দাস বলেন, সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে -কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন।
এদিন তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে মোট তিনটি বাসে করে তীর্থ যাত্রীরা গোহাটির উদ্দেশ্যে যাত্রা করেন। বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তাঁরা।
সাংসদের অফিস সূত্রে খবর, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থ যাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে।বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুবই খুশি তীর্থ যাত্রীরা।

