নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাতে তো বটেই দিনদুপুরেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলেছে৷ বুধবার প্রকাশ্য দিবালোকে বিলোনিয়া থানা থেকে বড় জোর একশ মিটারের দূরত্বের মধ্যে এক ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রাজু ভৌমিক নামে এক ব্যবসায়ী বেলা নয়টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে থানা চৌমুহনী এলাকায় তার নিজের দোকানে যান৷ তিনটে নাগাদ দোকান থেকে তিনি বাড়িতে ফিরেন৷ গেইট খুলে বাড়িতে ঢুকতেই তার চোখ চড়ক গাছ হওয়ার উপক্রম৷ তিনি লক্ষ্য করেন ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে জিনিসপত্র সব এলোমেলো ভাবে পড়ে রয়েছে৷ ঘরের আলমারির লকারও ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিলোনিয়া থানার পুলিশকে জানান৷ পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে৷ ব্যবসায়ী তথা বাড়ির মালিক রাজু ভৌমিক জানান, প্রায় ১০ ভরি সোনা ও নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র চুরি নিয়ে গেছে ৷ এধরনের ঘটনায় তিনি রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তিনি জানান, তার স্ত্রী উদয়পুরে মেয়ের বাড়িতে গিয়েছেন৷ সে কারণে বাড়িতে কেউ ছিলেন না৷ খালি বাড়ির সুযোগকে কাজে লাগিয়েই চোরেরা এই দুঃসাহসিক ঘটনা সংগঠিত করেছে৷ বিলোনিয়া থানার নাকের ডগায় এই ধরনের চুরির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ অস্তিত্ব প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরেই বিলোনিয়ায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ গতকালও একটি এলাকায় চুরির ঘটনা ঘটেছিল৷ পরপর এসব ঘটনা বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় বৃদ্ধি পেয়েছে৷

















