আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট, অন্যদিকে পরিকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। অথচ রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও শিক্ষা বিপ্লবের কথা বলা হলেও শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও একাধিক সমস্যার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষিকা বেবি দেব সরকার জানান, দীর্ঘদিন ধরেই শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১১০ জন ছাত্রছাত্রী রয়েছে। অথচ তাঁদের পড়াশোনার দায়িত্ব সামলানোর জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা। ফলে নিয়মিত পঠন-পাঠন পরিচালনা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। একই সঙ্গে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনার ক্ষেত্রেও অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে বিদ্যালয়ে দ্রুত শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে।
শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। ছাত্রছাত্রীদের দাবি, মিড-ডে মিল খাওয়ার জন্য বিদ্যালয়ে উপযুক্ত বসার ব্যবস্থা নেই। পাশাপাশি স্কুল চত্বরে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা জরুরি। তাঁদের অভিযোগ, বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণে কাদা ও জল জমে যায়। এর ফলে বিদ্যালয়ে যাতায়াত এবং স্বাভাবিক পঠন-পাঠনের পরিবেশ বজায় রাখতে সমস্যার সৃষ্টি হয়।
অভিযোগ, বিদ্যালয়ের এই সমস্যাগুলির কথা এলাকার প্রধান এবং স্কুল পরিচালন কমিটিকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরে সমস্যাগুলি একই অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
এমতাবস্থায় বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, মিড-ডে মিল খাওয়ার উপযুক্ত ব্যবস্থা এবং জল নিষ্কাশনের জন্য দ্রুত ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। ছাত্রছাত্রীদের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর, বিদ্যালয় পরিচালন কমিটি এবং জনপ্রতিনিধিদের অবিলম্বে উদ্যোগী হওয়ার দাবি উঠেছে।
এখন দেখার বিষয়, শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের এই সমস্যাগুলি সংবাদমাধ্যমে উঠে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে কি না এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে আদৌ কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় কি না।



















