গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক—এমন খবরকে ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে খারিজ করল অসমের মুখ্যমন্ত্রীর দফতর। দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি বা প্রাদেশিকীকৃত স্কুলে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নতুন কোনও বিধিনিষেধ জারি করা হয়নি।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, অভিভাবক ও সাধারণ মানুষ আগের মতোই সরকারি স্কুলে যেতে পারবেন। স্কুলে প্রবেশের জন্য বিশেষ অনুমতি নেওয়ার কোনও নতুন নিয়ম চালু করা হয়নি।
এ ধরনের খবরকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগুও জানিয়েছেন, স্কুল শিক্ষা দফতর অভিভাবক, নাগরিক বা সিভিল সোসাইটির সদস্যদের সরকারি ও প্রাদেশিকীকৃত স্কুলে প্রবেশের উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেনি।
























