আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কাশীপুর অরবিন্দ সংঘ সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনুপ কুমার সিংহ। পাশাপাশি তাঁর কাছ থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, গতকাল রাতে দোকানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কাশীপুর অরবিন্দ সংঘের কাছে অনুপ কুমার সিংহকে কয়েকজন দুষ্কৃতী পথ আটক করে। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, পরে সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি তাঁর মাথায় লাগেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারধর ও গুলির ঘটনায় গুরুতর আহত হয়ে অনুপ কুমার সিংহ রাস্তায় পড়ে গেলে অভিযুক্তরা তাঁর কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে অনুপ কুমার সিংহের ছেলে ঘটনাস্থলে পৌঁছে আহত বাবাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনায় বুধবার অনুপ কুমার সিংহের পরিবারের পক্ষ থেকে বোধজংনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঝুটন ঘোষ এবং বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















