নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএস উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি মুহূর্তে আগ্রাসন নীতি চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এসএফআই৷ গত পরশু রাতে আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশে বর্বরোচিত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই৷ আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর এবং রেজিস্ট্রারেরমদতেই পুলিশ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত করেছে বলে এসএফআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ছাত্র সংগঠনটি৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের উপর এধরনের আক্রমণের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এর প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়ার জন্যও ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এসএফআইয়ের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা দত্ত সহ অন্যান্য নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন৷

















