পরিবার নিয়ে বাজারে আমরণ অনশনে বসেছেন বিজেপি’র প্রাক্তন নেতা

চড়িলাম (ত্রিপুরা ), ৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দোকান খুলতে পারছেন না। বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন। তাই দোকান খোলার সুযোগের দাবিতে অনশনে বসলেন চড়িলাম মন্ডলের সংখ্যালঘু মোর্চার প্রাক্তন নেতা আনোয়ার হোসেন ও তাঁর পরিবার। এদিকে চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ ওই ঘটনাকে নাটক এবং পুরোপুরি অসত্য বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাথে তিনি দাবি করেন, দোকান খুলতে না পারার পেছনে বিজেপির কোনো ভূমিকা নেই।

আনোয়ার হোসেনের অভিযোগ, চড়িলাম মন্ডলের সদস্য থাকাকালীন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাকে জেল খাটিয়ে হেনস্তার শিকার করেছেন বিজেপির মন্ডলের কার্যকর্তারা। তাই নির্বাচনের পূর্বে সিপিআইএমে যোগদান করেছিলেন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ক্রমাগত তাঁর উপর হামলা,হজ্জুতি চালিয়েছে বিজেপির দুর্বৃত্তরা। একাধিকবার তাঁর দোকান ও বাড়িতে হামলা চালিয়েছেন তাঁরা, অভিযোগ করেন তিনি।

সাথে যোগ করেন, গত ২৯ মার্চ তিনি বাজারে দোকান খুলতে আসলে তাঁর দোকান বন্ধ করে দিয়েছে দুষ্কৃতিরা।দোকান বন্ধ করে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে মন্ডলকে না জানিয়ে দোকান খোলা যাবে না বলে জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে চড়িলাম বিজেপির মন্ডলকে চিঠি দিয়ে জানানো হলেও কোনও সমাধান করেনি তাঁরা। ফলে আজ সকালে আনোয়ার হোসেন তার স্ত্রী, সন্তান, মা – বাবাকে নিয়ে চড়িলাম বাজারের দোকানের সামনে গলায় প্লে কার্ড ঝুলিয়ে আমরন অনশনে বসেছেন।
এদিকে চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এই ঘটনাকে নাটক এবং পুরোপুরি অসত্য বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাথে দোকান বন্ধে বিজেপি দলের কোনও ভূমিকা নেই বলেও দাবি করেছেন। তিনি বলেন, দোকান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুরোপুরি বাজার কমিটি নিয়ে থাকে।