ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। প্রথম লীগে হেরে পিছিয়ে পড়া দলগুলো ফিরতি লীগে ঘুরে দাঁড়াতে চাইছে। আজ বিরতির দিনে খেলোয়াড়রা সাধারণ প্র্যাকটিস করেছে। তবে জোর প্রস্তুতি করার জন্য আগামীকালও মাঠে নামবে। ফিরতি লীগ শুরু হচ্ছে ৫ মার্চ থেকে। আজ কোন দলই তেমন মাঠে নামেনি। আগামীকাল অবশ্যই জোর অনুশীলন করবে বলে খবর রয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটের ফিরতি লীগের খেলা ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রথম লীগের শেষে স্ফুলিঙ্গ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ী হয়েছে। এর সুবাদে ২০ পয়েন্ট পেয়ে আপাতত তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে ইউনাইটেড ফ্রেন্ডস পাঁচ ম্যাচের চারটিতে জয়ী হয়ে ১৬ পয়েন্ট পেয়ে। শতদল সংঘ জয়নগর ক্রিকেট ক্লাব এবং সংহতি ক্লাবের পয়েন্ট পাঁচ ম্যাচের শেষের সমসংখ্যক ৮ হলেও রানের গড়ের নিরিখে শতদল তৃতীয়, জে এস সি চতুর্থ এবং সংহতি রয়েছে পঞ্চম স্থানে। ৫ মার্চ নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে জে সি সি লড়বে সংহতির বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে শতদল সংঘ ও কসমোপলিটন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।

ফিরতি লীগে ঘুরে দাঁড়াতে চাইছে পিছিয়ে থাকা ৩ দল
Tags:

















