ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। টানা চার ম্যাচে জয় পেয়েছে মোহনপুর মহকুমা ক্রিকেট দল। এই জয়ের সুবাদে সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেট গ্রুপে সেমিফাইনালে খেলা অনেকটা নিশ্চিত করে নিয়েছে। ৬ দলীয় গ্রুপে তাদের আরও একটি ম্যাচ রয়েছে। আজ, শুক্রবার খেলা ছিল অমরপুরে রাঙামাটি মাঠে। সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর মহকুমা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে ৪৬ ওভার ২ বল খেলে মোহনপুর সবকটি উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মিঠন সরকারের ৯১ রান, দেবাংশু দত্তের ৭৬ রান এবং সমীর দেববর্মার ২৬ রান উল্লেখযোগ্য। মিঠন ৫৬ বল খেলে ছয়টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯১ রান সংগ্রহ করে। কাঞ্চনপুরের জুয়েল দেব ৩২ রানে ৩টি উইকেট পেয়েছে। তাছাড়া, জয়দীপ নাথ তিনটি, ভিকি কর দুটি এবং মিহির লাল নাথ ও দেবাশীষ চাকমা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর মহকুমা দল ২৫ ওভার ৪ বল খেলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৫৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে জয়দীপ নাথ (১৪) ছাড়া কেউ দুই অঙ্কের রানেই পৌঁছাতে পারেনি। মোহনপুরের রোহন বিশ্বাস ২৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে কাঞ্চনপুরকে রুখে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দীপেন বিশ্বাস পেয়েছে তিনটি উইকেট। জয়দীপ দেব ও সমীর দেববর্মাও পেয়েছে একটি করে উইকেট।

প্লেট গ্রুপে টানা ৪ ম্যাচে জয় ছিনিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত মোহনপুরের
Tags:


















