মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

কালিয়াচক, ২৯ ডিসেম্বর (হি. স.) : মালদায় দু’টি সেভেন এম এম পিস্তল ও ১০ রাউন্ড তাজা কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ওই দুষ্কৃতীরা বাংলাদেশে পাচার করার জন্যই সেগুলি সীমান্ত এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। ধৃতদের বৃহস্পতিবার সকালে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি অভিযান চালায় মালদার নারায়ণপুর ব্রিজ এলাকায়। সেখানে হানা দিয়ে রাজিব শেখ (৩৯) ও লতিফুর শেখকে(২৫) গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এম এম পিস্তল ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। বাড়ি কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর কিসমত টোলা গ্রামে। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজত চেয়ে বৃহস্পতিবার সকালে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা ওই দুষ্কৃতীরা বাংলাদেশে পাচার করার জন্যই সেগুলি সীমান্ত এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। সেখান দিয়ে চোরাপথে পাচার করার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ওই দুই দুষ্কৃতী। তবে আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং এর পেছনে আর কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।