ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। মাঝখানে একটি দিন পেরোলে ৫ নভেম্বর, শনিবার থেকে চন্ডিগড়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফির চার দিনের ক্রিকেট ম্যাচে খেলতে নামছে ত্রিপুরা। খেলা নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। দীর্ঘদিন পর আগরতলায় জাতীয় পর্যায়ের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। চন্ডিগড়ের ক্রিকেটাররা যথারীতি বুধবারেই আগরতলায় চলে এসেছে। দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা এসেছেন আজ। বুধবার দুপুরে চন্ডিগড় ক্রিকেট দল আগরতলায় পৌঁছে বিশ্রামে থেকে আজ, বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিসে মনোযোগ দেয়। টিম ম্যানেজার আর শর্মার মতে চন্ডিগড় টিম যথেষ্ট ব্যালান্সড। খেলার ফলাফল কি হবে, এই মুহূর্তে বলতে অপারগ কিন্তু খেলোয়াড়রা চেষ্টার ত্রুটি রাখবে না বলে জানিয়েছেন। রাজ্য দলও প্রস্তুত। তারাও যথারীতি প্রধান কোচ গৌতম সোম-এর নেতৃত্বে নিজেদের শেষ সময়ের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। চীফ কোচ খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন একদিনের টুর্নামেন্টে দল ভালো রেজাল্ট না করার বিষয়টা ভুলে এখন চার দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের পুরোটা উজাড় করে দিতে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, চারদিনের এই ম্যাচের জন্য ম্যাচ রেফারি মীনাক্ষী মংলা, আম্পায়ার প্রহ্লাদ সিং রাওয়াত ও জয় বি মাঙ্গানি আজ আগরতলায় এসেছেন।

শনিবার থেকে পিটিএজি-তে কোচবিহার ট্রফির ত্রিপুরা – চন্ডিগড় ম্যাচ
Tags:

















