আগরতলা, ৪ এপ্রিল (হি. স) : ফার্মাসিস্ট নিয়োগে মন্ত্রিসভার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকরে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে চাকুরী প্রত্যাশীরা। তাঁদের দাবি, ফার্মাসিস্ট নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে।
এদিন সারা ত্রিপুরা বেকার ফার্মাসিস্ট সংগঠন স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে। সংগঠনের জনৈক সদস্য বলেন, গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরা মন্ত্রিসভা ফার্মাসিস্ট নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে। ৪১২ জন এলোপ্যাথি, ২৫ জন আয়ুর্বেদিক এবং ২২ জন হোমিওপ্যাথি ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। কিন্ত, এখনো পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকরে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।ওই সদস্যের কথায়, অবিলম্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করতে হবে। সাথে ত্রিপুরার বেকারদের সুযোগ প্রদানে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে।



















