আগরতলা, ৪ এপ্রিল (হি. স) : পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতর মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে সিপিএম। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ আগরতলায় প্রতিবাদ মিছিলে সিপিএম সামিল হয়েছে বলে জানিয়েছেন দলের সম্পাদকমন্ডলীর সদস্য পবিত্র কর। তাঁর অভিযোগ, উত্তর প্রদেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। তাতে স্পষ্ট, জ্বালানি তেলের দাম কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে এবং মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রই দায়ী।
এদিন তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা দেশে ২ এপ্রিল থেকে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ফলে সাধারণ মানুষের কাঁধে বোঝা চাপছে।
তিনি বলেন, উত্তর প্রদেশ নির্বাচনের সময় পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য স্থির ছিল। মূল্যবৃদ্ধি হয়নি। কিন্ত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ১২ দিনে ১৩ বার জ্বালানি তেলের দাম বেড়েছে। তাতে স্পষ্ট, কেন্দ্রীয় সরকারই জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণ করছে এবং মুল্যবৃদ্ধির জন্য কেন্দ্রই দায়ী। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি, বলেন তিনি।



















