গোরক্ষপুর, ৩ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটে বিজেপি গোরক্ষপুরের ৯টি আসনই জিতবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ রবি কিষাণ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিষাণ বলেন, আমরা গোরখপুর মণ্ডলের নয়টি আসনের সবকটিতেই জিতব। পূর্বাঞ্চল অঞ্চলে ভোটারদের ভোটদান ঐতিহাসিক হবে। রাজ্যে বিজেপি ৩০০ টির বেশি আসন পাবে।
অযোধ্যায় রাম জন্মভূমির কথা উল্লেখ করে সাংসদ বলেন, “রাম মন্দির নির্মাণের কাজ চলছে। এখন জনগণ এখানে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে।”
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর শহরাঞ্চলে বিধানসভা আসন থেকে নির্বাচনে লড়ছেন।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গোরক্ষপুর, আম্বেদকরনগর, বালিয়া, বলরামপুর, বস্তি, দেওরিয়া এবং কুশিনগর, মহারাজগঞ্জ, সন্ত কবির নগর এবং সিদ্ধার্থনগর সহ ১০টি জেলা জুড়ে ৫৭টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ চলছে।



















