ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ কৃষক পরিবারের

বিশালগড়, ২০ জানুয়ারি : বিশালগড়ের কোনাবন সীতাখলা এলাকায় ওএনজিসি র মেন গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এক কৃষক পরিবার ও স্থানীয় লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, ড্রিলিং কাজের জন্য ওই এলাকার টিলার মাটি কেটে সমান করা হয়েছিল। টিলার মাটি কেটে সমান করার ফলে নিচু স্থানে কৃষক প্রদীপ পালের সবজি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কৃষক পরিবারকে আশ্বস্ত করেছিলেন তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বহুবার ওই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আশ্বাসবাণী ছাড়া বাস্তবে ক্ষতিপূরণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার  মেইন গেটের সামনে বাশ বেঁধে পথ অবরোধ আন্দোলনে শামিল হয়। অবরোধের ফলে ওএনজিসির কোনো যানবাহন বৃহস্পতিবার চলাচল করতে পারেনি। অবিলম্বে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে না দিলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।