ক্যানিং, ১০ জানুয়ারি (হি.স.): কোভিডের বাড়বাড়ন্তে বেসামাল অবস্থা সমগ্র রাজ্যের। রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা সত্ত্বেও করোনার প্রকোপে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না। বরং করোনার সংক্ৰমণ আরও বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায়, ব্লকে ব্লকে করোনাকে ঠেকাতে স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার করোনা-ঠেকাতে কঠোর বিধিনিষেধ লাগু হল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত লাগু থাকছে এই বিধিনিষেধ।
এই ৪-দিন ক্যানিং শহর ও সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকান ও বাজার, শপিং মল প্রভৃতি। খোলা থাকবে শুধুমাত্র ওষুধের দোকান। প্রসাশনের পক্ষ থেকে স্থানীয় মানুষজনকে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে কেউ যেন রাস্তায় বের না হন। ক্যানিংয়ের মানুষজনও প্রশাসনের আবেদনে সাড়া দিয়েছেন। সোমবার সকাল থেকে শুনশান ছিল ক্যানিংয়ের রাস্তাঘাট। চলতে থাকে পুলিশি নজরদারি। রাস্তায় চলেনি ব্যক্তিগত যানবাহন। প্রসঙ্গত, করোনার প্রকোপ উত্তরোত্তর বাড়ছে ক্যানিং মহকুমায়। সূত্রের খবর, কোভিডে আক্রান্ত হয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালের কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী। সংক্রমিত হয়েছেন পুলিশ কর্মীরাও। এমতাবস্থায় করোনা-রুখতে কঠোর বিধিনিষেধ লাগু হয়েছে ক্যানিংয়ে।

