২৪ নভেম্বর দু’দিনের সফরে কানপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি, একাধিক কর্মসূচি কোবিন্দের

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): আগামী ২৪ নভেম্বর থেকে দু’দিনের সফরে উত্তর প্রদেশের কানপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে কানপুরে। দু’দিনের এই সফরে দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সে জন্য সাতটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া খারাপ হতে পারে, তাই নতুন সড়ক যোগাযোগও প্রস্তুত রাখা হচ্ছে।
রাষ্ট্রপতির সফরের যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে কানপুর পুলিশ কমিশনারেট। চাকেরি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত সমস্ত স্থানেই মোতায়েন থাকবে পুলিশ। আগামী ২৪ নভেম্বর বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে চাকেরি বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে বেলা ১১.৩৫ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন চৌধুরী হরমোহন সিং প্যারামেডিকেল ইন্সটিটিউটে। ১২.৪৫ মিনিট নাগাদ সার্কিট হাউসের জন্য রওনা দেবেন কোবিন্দ। ২৫ নভেম্বর কানপুরের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।