Communal tensions : সাম্প্রদায়িক উত্তেজনা লাঘবে গৃহিত পদক্ষেপ হাইকোর্টকে জানাল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের সামনে একটি বিশদ হলফনামা পেশ করেছে৷ হলফনামায় সংবেদনশীল এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরে আসে তা নিশ্চিত করার জন্য ত্রিপুরা পুলিশের প্রথম থেকে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন সংযুক্ত রয়েছে৷


রাজ্য সরকার তার হলফনামায় উল্লেখ করেছে যে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে৷ ব্যবস্থা নেওয়ার রিপোর্টে বলা হয়েছে, ত্রিপুরা পুলিশ জাল সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকে চারটি নির্দিষ্ট বিভাগে শ্রেণীবদ্ধ করেছে৷ যেমন জাল টুইট, অতিরঞ্জিত টুইট, জাল ফেসবুক পোস্ট এবং অতিরঞ্জিত ফেসবুক পোস্ট৷ যেসব পোস্টে ত্রিপুরাকে খারাপ আলোয় দেখানোর জন্য অন্য জায়গার ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলোকে জাল হিসেবে চিহ্ণিত করা হয়েছে এবং যে পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা দেখা গেছে সেগুলোকে অতিরঞ্জিত পোস্ট হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷


হাইকোর্টে সরকারের প্রতিনিধিত্বকারী একজন শীর্ষ আইনজীবী বলেছেন, আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করার সপক্ষে ভিডিও প্রমাণ এবং সংশ্লিষ্ট ছবিও শেয়ার করেছি৷ মামলার আগের নির্দেশনা অনুসারে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও আদালতকে অবহিত করা হয়েছে৷ রাজ্যে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করে এমন পোস্টগুলি সরাতে পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগাযোগ করেছে৷ এছাড়াও, ২৬ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলাগুলির বর্তমান অবস্থার বিষয়েও রিপোর্ট জমা দিয়েছে৷ প্রতিটি মামলার বিশদ বিবরণ, তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে৷