নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): ভারতে করোনা-সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। বুধবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,৮৭৮ জন, ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৩৮,৫৫৬-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,১২৭ জন, যা ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৩,০৯১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৫৭ লক্ষ ৫৪ হাজার ৮১৭ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,১০,২৩,৩৪,২২৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৪০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬২,১৮৯ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,৮৭৮ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,০০,৯২৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৫ শতাংশ।



















