ত্রিপুরা

আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের গ্রেপ্তার, নিশি রাতে থলিবাড়ি থেকে আটক বিশ্বমোহন ত্রিপুরা

যাত্রাপুর, ৯ অক্টোবর: এডিসি নির্বাচনের ফলাফল গণনার দিন থলিবাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করছে যাত্রাপুর থানার পুলিশ। এবার পুলিশের জালে বিশ্বমোহন ত্রিপুরা (৫৫)। তাঁর বাড়ি থলিবাড়ি এলাকায়। গভীর রাতে নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে এবং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মার উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের দ্বিতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনা নিয়ে যাত্রাপুর থানার ওসি জানান, রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের বিষয়টিকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁদের নামে মামলা রয়েছে, আগামী দিনেও তাঁদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এডিসি নির্বাচনের ফলাফল গণনার দিন থলিবাড়িতে আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ।
আজ অপর এক অভিযুক্ত যাকে গতকাল রাতে গেফতার করা হয় সেই বিশ্বমোহন ত্রিপুরাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।