সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা চৌমুহনী এলাকায় যানবাহন তল্লাশির সময় এক নাবালককে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, যানবাহন তল্লাশির সময় নাবালক চালিত একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই নাবালক তার অভিভাবকের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে সেটি চালাচ্ছিল।
ঘটনার পর মোটরসাইকেলের মালিক ও নাবালকের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর নাবালককে মোটরসাইকেল চালানোর জন্য চাবি দেওয়া এবং তাকে যানবাহন চালাতে উৎসাহিত করার অভিযোগে সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, কোনও অবস্থাতেই নাবালক ছেলে বা মেয়ের হাতে মোটরবাইক, স্কুটি বা অন্য কোনও যানবাহনের চাবি তুলে দেওয়া যাবে না। নাবালকদের যানবাহন চালাতে দিলে দুর্ঘটনা-সহ বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাই সন্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।



















