আগরতলা, ৮ অক্টোবর: দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধানে অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অভিচরণ এলাকায়। স্থানীয়দের দাবি ও দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মার উদ্যোগে অভিচরণ থেকে কাইন্তাকোবরা যাওয়ার রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে অভিচরণ থেকে কাইন্তাকোবরা যাওয়ার রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হওয়ায় যাত্রী থেকে শুরু করে যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। বিশেষ করে বর্ষার মরশুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করত।
রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা সমস্যার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা।
অবশেষে তাঁর দীর্ঘ প্রচেষ্টায় সংশ্লিষ্ট দপ্তর রাস্তার সংস্কারের কাজে হাত দিয়েছে। বর্তমানে ওই রাস্তায় মেরামতের কাজ চলছে। রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যেত। বর্তমানে রাস্তার কাজ শুরু হওয়ায় তাঁদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।
সমস্যাটিকে গুরুত্ব দিয়ে রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ায় এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয় বাসিন্দারা।



















