ত্রিপুরা

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে যাত্রাপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার যাত্রাপুর থানা এলাকার বিভিন্ন পাড়া, ক্লাব ও সামাজিক সংস্থার পূজা কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহিজলা জেলার জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ, ব্লক চেয়ারম্যান মিঠু রানী দাস, সমাজসেবক সুব্রত পাল, রতন দেবনাথ, অরুণ হালদারসহ আরও অনেকে।

বৈঠকে দুর্গাপূজাকে কেন্দ্র করে পূর্বের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে পূজা কমিটিগুলোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ গাইডলাইন দেন যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক। পূজার দিনগুলিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পূজা কমিটির সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য বারবার অনুরোধ জানান তিনি।

বিশেষ করে পূজা মণ্ডপের বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা, প্যান্ডেলের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পূজা কমিটি গঠন, লাউড স্পিকারের ব্যবহার ও শব্দ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওসি।

পূজা চলাকালীন সময়ে কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত পুলিশকে জানানোর পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় নজরদারি রাখার জন্যও পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

প্রশাসন ও পূজা কমিটিগুলোর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় বৈঠকে মূলত সেই বার্তাই দেওয়া হয়।