আগরতলা, ৯ অক্টোবর: নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণ করেন ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী, দিল্লির মন্ত্রী রেখা গুপ্তা, মণিপুরের মন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, নারী ও শিশুদের অধিকার, মর্যাদা এবং স্বার্থ সুরক্ষিত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ, নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশুদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচিকে আরও শক্তিশালী করা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও জানান, নারী ও শিশুদের কল্যাণের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। তাঁদের কল্যাণে কার্যকর কৌশল নির্ধারণের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
টিঙ্কু রায় উল্লেখ করেন, নারীদের সুরক্ষা, সমান অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যগুলি বাস্তবায়িত হলে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, নারী ও শিশুদের কল্যাণমূলক পরিষেবার মানোন্নয়ন, বিভিন্ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
