আগরতলা, ৮ অক্টোবর: গভীর রাতে ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াইয়ের গণকী জগন্নাথ আশ্রম সংলগ্ন এলাকায়। বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাসের বসতবাড়ির পাশে থাকা একটি ছোট ঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকলবাহিনী। পরে দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গিয়েছে, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাসের বসতবাড়ির পাশে থাকা একটি ছোট ঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। পরে দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে ওই ঘরের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সঞ্জয় দাসের পরিবার। কারণ, যে ঘরটিতে আগুন লাগে তার দুই পাশেই ছিল পরিবারের দুটি বড় বসতঘর। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে ওই দুই ঘরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে বাড়ির মালিক সঞ্জয় দাসের অভিযোগ, আগুনটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগানো হয়ে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যে ঘটনার বিষয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন কীভাবে লাগল এবং এর পেছনে কারও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।



















