নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): ভারত এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, যেখানে পণ্য ও তার ডিজাইন দেশে তৈরি হবে এবং সেই পণ্যের প্রযুক্তি ও মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি)-ও ভারতের মালিকানায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের (আইএমসি) দশম সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন আর শুধুমাত্র প্রযুক্তির ভোক্তা হিসেবে সীমাবদ্ধ নেই। দেশ দ্রুত প্রযুক্তি নির্মাতা, উদ্ভাবক ও সৃষ্টিশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।
তিনি বলেন, টেলিকম ক্ষেত্রে চলমান পরিবর্তন সংস্কার, দেশীয় উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মেধাস্বত্ব সৃষ্টির সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে। টেলিকম ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার কয়েক দশক পুরনো আইন আধুনিকীকরণ, বিভিন্ন প্রণোদনা এবং নিয়ন্ত্রক ক্ষেত্রে একাধিক সংস্কার বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, “ভারত এমন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, যেখানে পণ্য ও ডিজাইন ভারতে তৈরি হবে এবং এর প্রযুক্তি ও আইপি-ও ভারতেরই হবে।”
টেলিকম ক্ষেত্রের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে টেলিকমিউনিকেশনস অ্যাক্ট এবং গতিশক্তি পোর্টালের মতো সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, প্রযুক্তিগত স্বনির্ভরতার লক্ষ্যে টেলিকম ক্ষেত্রে দেশের ‘সংস্কার এক্সপ্রেস’ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
সেমিকন্ডাক্টর উৎপাদনেও ভারতের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশের পাঁচটি স্থানে ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের পরবর্তী পর্যায়ে সম্পূর্ণ সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলকে দেশীয়ভাবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। এর ফলে ভারতের নিজস্ব প্রযুক্তি পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১০-১২ বছরে মোবাইল ফোন সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে এবং ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অন্যতম মূল ভিত্তি হিসেবে উঠে এসেছে।
ভারতের টেলিকম ক্ষেত্রের গত এক দশকের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। ২০২২ সালে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ৫জি পরিষেবা চালুর কথা স্মরণ করে মোদি জানান, বর্তমানে দেশের ৫জি নেটওয়ার্ক ৫.৫ লক্ষেরও বেশি বেস স্টেশনে পৌঁছে গিয়েছে এবং দেশের প্রতিটি জেলায় ৫জি পরিষেবা বিস্তৃত হয়েছে। একই সঙ্গে দেশে ইন্টারনেটের গতি দশ গুণ বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
—আইএএনএস



















