নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ কেসি বেণুগোপাল। বুধবার তিনি বলেন, এ ধরনের মামলা করে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না এবং গণতন্ত্র রক্ষার লড়াই চলবে।
ইন্ডিয়া ব্লকের সাংসদদের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দিতে এসে সাংবাদিকদের বেণুগোপাল বলেন, “হাজার হাজার এফআইআর করুক। কে পরোয়া করে? করতে দিন। আমরা গর্বিত যে দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।”
মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ মিছিল চলাকালীন মধ্য দিল্লির আকাশবাণী ভবনে ঢোকার অভিযোগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অনধিকার প্রবেশের ধারায় এফআইআর দায়ের করা হয়।
কংগ্রেস সাংসদ পবন খেরাও এফআইআর নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন, এই মামলাগুলি দলের কাছে “সম্মানের ব্যাজ”। তাঁর দাবি, নির্বাচন কমিশন বিরোধী নেতাদের কাছ থেকে স্বাক্ষর চেয়েছে এবং সেই চিঠিতে স্বাক্ষর করে তা কমিশনের কাছে পাঠানো হবে।
কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডাও বলেন, এফআইআর নিয়ে তাঁরা ভয় পান না এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই অব্যাহত থাকবে।
অন্যদিকে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনা করে অভিযোগ করেন, বিরোধী নেতাদের সঙ্গে দেখা করার মতো সাহস নির্বাচন কমিশনের নেই।
মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে বিরোধী সাংসদদের মিছিলের পর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ে। ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের দাবিতে ওই মিছিল করা হয়েছিল। খাড়গে বুধবার জনপথের সাগর রত্নে ইন্ডিয়া ব্লকের সাংসদদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের দাবিতে একটি চিঠিতে স্বাক্ষর করার কথা রয়েছে সাংসদদের।
_________



















