আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে পথে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। একাধিক দাবিতে বুধবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করে সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটি।
দুপুর ১২টা থেকে শুরু হয় এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের বিষয়টি কোথায় দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল কবে পাবেন।ৃএছাড়াও স্মার্ট মিটার বাতিল, সফটওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ বিল পাঠানো বন্ধ, আসন্ন উৎসবের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং বিদ্যুৎ দপ্তরের অনিয়মিত ও ঠিকা শ্রমিকদের নিয়মিতকরণসহ একাধিক দাবি জানানো হয়।
গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সোনামুড়া মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, রাজ্য কমিটির সদস্য ফরাগ রানা, মিজান হোসেন-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।



















