আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বালি উত্তোলন সংক্রান্ত নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব বন দফতরের পরিবর্তে শিল্প ও বাণিজ্য দফতরের হাতে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের সিদ্ধান্তের পর আগরতলার খেজুরবাগানস্থিত শিল্প ও বাণিজ্য অধিকর্তার দফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থায় বালি উত্তোলনের জন্য আবেদন গ্রহণ, অনুমতির নবীকরণ বা মেয়াদ বৃদ্ধি, মাইনিং প্ল্যান অনুমোদন, মাইনিং লিজ এবং সংশ্লিষ্ট দলিল সম্পাদনসহ বিভিন্ন বিষয় শিল্প ও বাণিজ্য দফতর এবং তার অধিকর্তার দফতর দেখভাল করবে। বালি উত্তোলন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রশাসনিক ও নিয়ন্ত্রণমূলক বিষয়ও এই নতুন ব্যবস্থার আওতায় আসবে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বালি উত্তোলনের সঙ্গে যুক্ত লিজধারী, আবেদনকারী, সম্ভাব্য অপারেটর এবং অন্যান্য সংশ্লিষ্টদের নিজেদের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে এখন থেকে শিল্প ও বাণিজ্য দফতর অথবা শিল্প ও বাণিজ্য অধিকর্তার দফতরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত নিয়ম, নির্দেশিকা ও সরকারি আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আবেদন ও নথিপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নতুন ব্যবস্থার অধীনে বালি উত্তোলন সংক্রান্ত নিয়মিত অনুমতি ও অনুমোদনের ক্ষেত্রে বন দফতর আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে না। তবে বন দফতরের আইনগত এখতিয়ারের মধ্যে থাকা বিষয় অথবা রাজ্য সরকার পৃথকভাবে যে দায়িত্ব বন দফতরকে অর্পণ করবে, সেগুলি আগের মতোই ওই দফতরের আওতায় থাকবে।
নতুন প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত হওয়ার পাশাপাশি পরিবর্তিত ব্যবস্থাকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।























