ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি। রবিবার ধর্মনগরের উপ্তাখালি এলাকায় সিপিআই(এম)-এর অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রস্তুতি পর্বের অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।
রক্তদান শিবিরে সিআইটিইউ ও সিপিআই(এম)-এর নেতৃত্বের পাশাপাশি স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীরণ দাস ও নিরঞ্জন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি মাখন লাল পাল, উপ্তাখালি অঞ্চল সম্পাদক উজ্জ্বলা দাস-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক অনিমেষ সাহা এবং ব্লাড ব্যাংকের কর্মী ও টেকনিশিয়ানদের প্রত্যক্ষ সহযোগিতায় রক্ত সংগ্রহের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিনের শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এই রক্তদান কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও বার্তা বহন করেছে বলে উদ্যোক্তাদের দাবি। এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলেও এই উদ্যোগে সাড়া পড়েছে।
———–



















