আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানোর সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে জিআরপিএসের পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর পিঠে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১০.২১৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত ইমান হোসেনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



















