আগরতলা, ১২ আগস্ট: দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আগরতলা শহরে আয়োজিত হল বর্ণাঢ্য বাইক র্যালি। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার প্রতি পুলিশের অঙ্গীকার তুলে ধরতেই এই র্যালির আয়োজন করা হয়।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, রুরাল ওয়েস্ট, পশ্চিম ত্রিপুরা জেলার অধীন বিভিন্ন মহকুমার এসডিপিও এবং থানার ওসিরা। র্যালিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁরা ‘হর ঘর তিরঙ্গা’র বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেন।
জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও গর্ব প্রকাশের পাশাপাশি র্যালির মাধ্যমে দেশবাসীর মধ্যে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মূল লক্ষ্য হল প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে দেশের প্রতি গর্ব ও একাত্মতার অনুভূতি আরও দৃঢ় করা। এই বার্তাকে সামনে রেখেই পুলিশের আধিকারিক ও কর্মীরা র্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগে জাতীয় ঐক্য, আইনশৃঙ্খলা এবং জনসেবার প্রতি পুলিশের প্রতিশ্রুতির বার্তাও তুলে ধরা হয়।



















